Tuesday, April 1, 2008

জ্ঞানতঃ

মানুষ তুমি একবার বোঝো তোমার পায়ের তলায় মাটি সরে গেছে তোমার নিজের পায়ের চাপে।

অতঃপর সামনের বিসতৃতি দেখো আর হাঁটতে শুরু করো...

চিঠি

একটা চিঠি।
আসবেই ।
উড়ে যাওয়া বাতাসে।
বাতাসে মেলে ধরা পাল।


ঠিকানাহীন খামের উপরে। শিরোনামহীন কবিতা। নিজেকেই খুঁজে ফিরে।

শিশির

ধীরে ধীরে ঝরে পড়ো । শিশির ফোঁটায় । দুর্বাঘাসের বুকে লেপ্টে থাকো।

শীতল পায়ে ছুঁয়ে যাও। ছুঁতে গিয়ে মিশে যাও। মিশে গিয়ে শিরশিরে অনুভূতি।

অনুভব করি। অনুভবে শিউলি আমার দ্বারে। কমলারা শাদায় ।

শানিন্তা আজো কি রোজ সকালে উঠোনে আসো ?

খুব ভোরে । ভেজা চুলে। লেপ্টানো পশমী চাঁদরে। আলোরা মাটি ছোঁয়ার সাথে সাথে।

মৃতপ্রায় কিংবা মৃতবৎ

রৌদ্দুরের পাশ ঘেষে যৌবন আসে। দ্রুত নেমে যায় সিড়ি বেয়ে।

নিচতলার চোরা কুঠুরীতে বাস করে সময়।

সময়ের স্পর্শে তুমি মৃতপ্রায়। কিংবা মৃতবৎ।

তুমি বৃদ্ধ । তোমার পাঞ্জাবীর হাতায় ছাঁয়া পড়ে।

এক অর্বাচীন পৌরুষের।

স্বয়ং

কিছু প্রশ্ন ছাড়াই ভাবছি চৌরাস্তায় জটলার কথা।

ভাবছি প্রিয় নেতা এবং সমবেত জনতার কথা।

আর ভাবছি
সম্মানিত দর্শক-শ্রোতারা কি জানেন ভূড়িভোজ
আর রেসিপি..


তাদের নিজেরি মাংস রোস্ট হবে জানেন বোধ হয়,

স্বয়ং.....

মানুষ শুধু মানুষ হয়ে যাও

১
ভেবেছিলাম অরণ্যের কথা। ঘনো ঘনো কিছু সবুজাভ আলো।
ভেবেছিলাম সাগরের কথা। ঘনো ঘনো কিছু শুভ্র ফেনিল ঢেউ।
ভেবেছিলাম আকাশের কথা। ঘনো ঘনো কিছু নীলাভ মেঘ।
ভেবেছিলাম মাটির কথা। ঘনো ঘনো কিছু পলল মাটি।

ওরা আমাকে ভাবতে দেয়নি।
ওরা আমাকে জানতে দেয়নি।
ওরা আমাকে বুঝতে দেয়নি।
ওরা আমার সবকিছুতেই আমাকে নির্বাসিত করেছে।

২
খুব ইচ্ছে ছিলো বলে যাই।
আমি ওজোনের নিশ্বাসে গলে যাবো ।
নেমে যাবো তর তর করে হিমবাহ হয়ে।
ক্ষীয়মান শুভ্রতায় বিষাক্ত হবো। তবুও পারমানবিক চুল্লীর আশ পাশ ঘিরে লিখে যেতে চাই। একটি বাক্য।

৩
এপিটাফজুড়ে লম্বা একটি লাইন।

পেরুভিয়ান পাহাড়ের আদিম বসতিতে
ইজিপসিয়ান মরুভুমির বালিয়াড়ি ঘুরে
আর্কটিক বরফের ইগলু দেয়ালে
হিমালয়ান পার্বত্যে
এবং
প্রিয় বাংলায়

”মানুষ শুধু মানুষ হয়ে যাও”

কোমল রং

শানিন্তা।

তোমার শাড়ীর মধ্যে লুকিয়ে রেখেছিলে একটি কোমল রং।

আঁচলের ফাঁকে ফাঁকে উঁকি দিতে গিয়ে কোমল বৃষ্টি হতো। টিপ টিপ বৃষ্টি। আলতো ছোঁয়ায়।

গতকাল বিকেলে হঠাৎ আকাশজুড়ে ঘন কালো মেঘ। আমার বেলকনি ভিজে যায়।
চোখে এসে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রুজল।

ভালো আছো তুমি ?